Published : 12 Feb 2026, 05:09 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
এই তিন আসন হল-কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।
বৃহস্পতিবার নির্বাচনের দিন বিকাল সোয়া ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন জোটের প্রতিনিধিদল।
বিভিন্ন স্থানে ভোট গ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগের ভিডিও ও তথ্য সিইসির কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি বলেন, "কুমিল্লা-৮ বড়ুরার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের ৩০টা সেন্টারের এজেন্টকে তারা বের করে দেয় এবং সেটা স্থানীয়ভাবে প্রশাসনকে জানানো হয় এবং রিটার্নিং অফিসারকে জানানো হয়।
"রিটার্নিং অফিসারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বললেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই এবং এরপরে ওখানকার আমাদের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ এবং সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব; তিনি নিজ হাতে লিখিত একটি দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে এটা বন্ধ রাখার জন্য আবেদন জানান। আমি আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি সিইসি মহোদয়ের কাছে।"
মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করেছে কমিশন।
তিনি বলেন, “নরসিংদী-৪ আসনে প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ বেলাবো পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জোরপূর্বক সে সিল মারার উৎসব করেছে ও টাঙ্গাইলের গোপালপুর এবং ভুয়াপুরে ১১ দলীয় জোটের অধিকাংশ এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছি।”
মোয়াজ্জেম হোসেন বলেন, “হাতিয়ার নোয়াখালী-৬ আসন, এখানে গত রাত থেকে রক্তাক্ত সন্ত্রাস করা হয়েছে এবং প্রার্থীর ভাই, তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছে। এরপরে ঝালকাঠিতে সমস্যা হয়েছে এবং পাথরঘাঁটায় সমস্যা হয়েছে। এই সমস্ত দিকগুলো আমরা এনেছি।
"আর এছাড়া আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে। সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা। তো এই সমস্যা সেটারও একটা তালিকা আমরা ওখানে দিয়েছি। এবি পার্টির যে সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু তার গাড়িবহরে হামলা হয়েছে, সে খবরও আপনারা দেখেছেন এবং আমরা আজকে আপনাদের সামনে জানালাম। পটুয়াখালী ১ আসনে মির্জাগঞ্জে এরকম সমস্যা আছে।"
এ কেন্দ্রগুলোর বিষয়ে ইসি ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করেন ১১ দলীয় জোটের নেতারা।
জামায়াতের এই নেতা বলেন, “একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেইম করতে না পারে, সেরকম একটি পদক্ষেপ তারা (ইসি) নেবেন। এই বিশ্বাস রেখে আমরা আজকে ওনাদের এর কাছে এসেছি। আমরা আশা করি সে পদক্ষেপ তারা নেবেন ইনশাআল্লাহ।"
ওই কেন্দ্রগুলোর ভোট বন্ধ চান কি না, এই প্রশ্নে তিনি বলেন, "কুমিল্লা-৮, শরীয়তপুর-২ আর পটুয়াখালী-১ এর মির্জাগঞ্জ এই তিনটা জায়গার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এই সমস্ত জায়গায় অধিকাংশ সেন্টারে ভোট হতে পারে নাই এবং নির্ভয়ে, বাধাহীনভাবে ভোটাররা উপস্থিত হতে পারে নাই। এ সমস্ত বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এবং স্থগিত করে ভোটের আয়োজন করবেন ইনশাল্লাহ।”
১১ দলীয় জোটের প্রতিনিধিদলে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমসহ জোটভুক্ত দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।