২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ২ নারী সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে

শনিবার রাতে তারা গ্রেপ্তার হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 05:57 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে ছয় মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

কারাগারে যাওয়া দুই নারী হলেন—সুমা বড়াল ওরফে ডলি ও জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার রাতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন দুই আসামিকে রোববার আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। সুমা বড়ালের পক্ষে তার আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাদেরকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলাটি গেল ফেব্রুয়ারিতে দায়ের করা হয়েছিল আওয়ামী লীগের মিছিল বের করার চেষ্টার অভিযোগে।

মামলার বিবরণ অনুযায়ী, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ সেখানে থেকে কয়েকজনকে আটক করে; বাকিরা পালিয়ে যায়। 

এজাহারে বলা হয়, আটক আসামিরা পুলিশের কাছে ‘স্বীকার করেন’—সরকারকে উৎখাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপপ্রচারের উদ্দেশ্যে তারা সমবেত হয়ে মিছিল করছিলেন।