১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেল করা পরীক্ষার্থী বেড়েছে ১৫%

১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

ফেল করা পরীক্ষার্থী বেড়েছে ১৫%
মাধ্যমিকের ফল প্রকাশের পর বোর্ডে সাঁটানো তালিকায় নিজের রোল নম্বর খুঁজছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 02:53 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

‎এসএসসি ও সমমান পরীক্ষায় টানা দ্বিতীয় বছর ফল বিপর্যয়ের মধ্যে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেড়েছে।

চলতি বছর এ পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। এই হিসাবে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী।

গত বছর ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় বসলেও কৃতকার্য হয়েছিলেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন।

সোমবার সকালে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছর নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৯২৯ জন। 

সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসলেও কৃতকার্য হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী। 

২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৫৩ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী। 

এ পরীক্ষায় বসেছিল ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন, আর উত্তীর্ণ বা কৃতকার্য হয়েছেন ৭৪ হাজার ৪৭০ জন।

এবার সব বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম।