Published : 28 Jul 2026, 06:14 PM
রাজধানীতে সবুজায়ন বাড়ানো, বায়ুদূষণ ও তাপমাত্রা কমানোর লক্ষ্যে দ্বিতীয় ‘মিয়াওয়াকি আরবান ফরেস্ট’ গড়ে তোলা হচ্ছে।
মঙ্গলবার ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ ঘিরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের লেকসাইড এলাকায় এটি উদ্বোধন করা হয় বলে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
‘মিয়াওয়াকি’ হল নগর এলাকায় অল্প জায়গায় দ্রুত, ঘন প্রাকৃতিক বন তৈরির পদ্ধতি। ২ হাজার ২৮৫ বর্গমিটারের এ বনে ৯৩ প্রজাতির প্রায় ৬ হাজার ১০০টি দেশিয় ফলজ, ফুলজ ও ওষুধি গাছ রোপণ করা হবে।
‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন’ এর উদ্যোগে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় উত্তরায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সার্বিক সহায়তায় রয়েছে রাজউক।

উদ্বোধন অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এ ধরনের উদ্যোগের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও পরিচর্যায় স্থানীয় জনগণ, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) মোহাম্মদ মুজাফফর উদ্দিন, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক উপস্থিত ছিলেন।