১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: এক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ

প্রত্যেক নিহতের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণে রুল জারি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে এক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

একইসঙ্গে দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হবে না, হতাহতদের ক্ষতিপূরণ এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে। এছাড়া সব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে যোগাযোগ নম্বর ও রক্তের গ্রুপ কেন উল্লেখ করা হবে না এবং উন্নত প্রযুক্তির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন রাখা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।

বিমান দুর্ঘটনার অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, হতাহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ, জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধবিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে এদিন রিট মামলা করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

আদালত বলেছে, এক সপ্তাহের মধ্যে যে কমিটি গঠন করতে হবে, সেই কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। 

এ সময় ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া ও মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সার্ধশতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।