Published : 30 Jul 2026, 09:11 PM
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান দায়িত্ব পালন করবেন।
সোমবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারা এর উপ-ধারা-১ অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এছাড়া অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ড ট্রাস্টের সার্বিক কার্যক্রম পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, ট্রাস্ট ও আইনের উদ্দেশ্য পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাবলি অনুসরণ করে যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে। নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ট্রাস্টি বোর্ডের সদস্যরা নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।