১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বন্যায় প্রাণহানিতে সংযুক্ত আরব আমিরাতের শোক ও সংহতি

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 11:21 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

বাংলাদেশে টানা ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়ে সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। দুর্যোগে ১০ লাখের বেশি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বা পানিবন্দি হয়েছেন।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলায় বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এসব জেলায় অন্তত ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় সহায়তা পৌঁছে দিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।