১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের তৃতীয় দিনে ঢাকার দুই সিটি থেকে ১৩ হাজার টন বর্জ্য অপসারণ

এআই দিয়ে ছবি বানিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে দাবি প্রশাসকের।

ঈদের তৃতীয় দিনে ঢাকার দুই সিটি থেকে ১৩ হাজার টন বর্জ্য অপসারণ
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 11:11 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

কোরবানি ঈদের তৃতীয় দিনে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সরানোর কাজ অব্যাহত রয়েছে।

শনিবার রাত ১০টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তৃতীয় দিনে প্রায় ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করেছে।

এসময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকা থেকে ৪ হাজার ৫৪ টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকা থেকে ৮ হাজার ৮৭১ টন বর্জ্য সরানো হয়।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান এদিন সন্ধ্যায় গুলশান-২ এ নগর ভবনে সংবাদ সম্মেলনে বলেন, এখনও কিছু স্থানে বর্জ্য অপসারণের কাজ চলছে।

রাতের মধ্যে বাকি বর্জ্য এসটিএসে এনে রোববার সেগুলোও ল্যান্ডফিলে অপসারণ করার কথা বলেন তিনি।

তিন দিনে ১৮ হাজার ৮৪৪ টনের বেশি কোরবানির পশুর বর্জ্য অপসারণের তথ্য দিয়েছে এ সিটি করপোরেশন।

ডিএনসিসির আওতাধীন চারটি পশুর হাট ইতোমধ্যে পুরোপুরি পরিষ্কার করার তথ্য দিয়ে প্রশাসক শফিকুল বলেন, বাকি হাটগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত সেগুলোও বর্জ্যমুক্ত করা হবে।

ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশন এলাকায় গ্রিল ভাঙা বা লিফট অচল হওয়ার মত ক্ষতি নিয়ে ছড়ানো তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এআই দিয়ে ছবি বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

অপরদিকে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত মোট ৩২ হাজার টন বর্জ্য সরানোর তথ্য দিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান। এরমধ্যে শনিবার বিকাল ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করার কথা বলেন তিনি।

রাতে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন এলাকার বর্জ্য সরিয়ে স্টেশন ট্রান্সফার স্টেশন (এসটিএস) পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তবে এসটিএসে এখনও কিছু বর্জ্য রয়েছে, সেগুলো সারারাত মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হবে।

হাট কিংবা রাস্তায় কোনো বর্জ্য না থাকার দাবি করে তিনি বলেন, এখন শুধু এসটিএসে থাকা বর্জ্য ল্যান্ডফিলে নেওয়ার কাজ চলছে।