Published : 23 Jul 2026, 09:49 PM
বাংলা কিউআর কোড দিয়ে অনলাইন লেনদেন সেবার কার্যক্রম বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তা চেয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাতে এলে আলোচনায় এ সংক্রান্ত সহায়তার কথা বলেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মতবিনিময় হয়েছে।
বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়ে মোস্তাকুর রহমান বলেন, বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে অধিক চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে।
এসময় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজ করার কথা বলেন চীনের রাষ্ট্রদূত।
গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে নিতে পারবেন।
বৈঠকে চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং, অ্যাটচে ওয়েন জিংহুয়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।