Published : 31 May 2025, 11:30 PM
সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গ জয় করতে ‘মিশন সেভেন সামিট’ শুরুর অপেক্ষায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পর্বতারোহী প্রবাল বর্মন।
আগামী সোমবার (২ জুন) আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো আরোহণের মধ্য দিয়ে তার এ যাত্রা শুরু হবে।
শনিবার রাজধানী ঢাকার পান্থপথের ক্লাউড ব্রিস্ট্রো রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা বলেন, কিলিমাঞ্জারো অভিযানে প্রবালের সহযাত্রী হিসেবে থাকবেন চিন্ময় সাহা দিগন্ত ও শায়লা শারমিন শান্ত।
এর বাইরে তিনি মাউন্ট এভারেস্ট (এশিয়া), অ্যাকোনকাগুয়া (দক্ষিণ আমেরিকা), পুঞ্চাক জায়া (ওশেনিয়া), মাউন্ট এলবুর্জ (ইউরোপ), মাউন্ট ভিনসন (অ্যান্টার্কটিকা) এবং ডেনালি (উত্তর আমেরিকা) পর্বত আরোহন করবেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রবাল বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে 'সীমাহীন' সম্ভাবনার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেই তার এই উদ্যোগ।
"এই অভিযাত্রা শুধু ব্যক্তিগত অর্জনের জন্য নয়। মানুষের স্বপ্ন দেখবার সক্ষমতা, শারীরিক সক্ষমতার চেয়েও শক্তিশালী। এই ভাবনাই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।"
এর আগে সাকা হাফং, তাজিংডং, যোগি, জোতলাংসহ দেশের বিভিন্ন পাহাড়ে অভিযান করেছেন তিনি।
এছাড়া প্রবাল টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটেছেন, এককভাবে এভারেস্ট বেস ক্যাম্প ও আইল্যান্ড পিক অভিযান, বাংলা চ্যানেল সাঁতরে পাড় হয়েছেন।