১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরায় ফুটব্রিজের খুঁটিতে দূরপাল্লার বাসের ধাক্কা, চালক নিহত

চালক বেলালের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 12:19 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

রাজধানীর উত্তরায় একটি দূরপাল্লার যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটব্রিজের খুঁটিতে ধাক্কা লেগে বাসের চালক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী অরিন পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বাসচালক ৬৭ বছর বয়সী বেলাল দেওয়ান।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার ওবায়দুর আকন্দ (৫০)।

ওবায়দুর বলছেন, বাসটি কয়েকজন যাত্রী নিয়ে মহাখালী থেকে যাওয়া পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র‌্যাব অফিসের পাশের সড়কে ফ্লাইওভার থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে সড়ক বিভাজকের ওপর উঠে গিয়ে ফুটব্রিজের খুঁটিতে সজোরে আঘাত করে। এতে বাসের যাত্রীরা রক্ষা পেলেও চালক গুরুতর আহত হন।

তিনি বলেন, পরে লোকজনের সহযোগিতায় চালককে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, চালক বেলালের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।