২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ‘পরিবেশ বিধ্বংসী প্রকল্প’, জাইকার জবাবদিহি চান আনু মুহাম্মদ

পরিবেশের ক্ষতি করে যেসব প্রকল্প আগে এডিবি, জাইকা ও বিশ্ব ব্যাংক করেছে সেগুলোও পর্যালোচনা করা দরকার বলে তার ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:17 PM

Updated : 28 Sep 2026, 09:17 PM

জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে কক্সবাজারের সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ ও মহেশখালীর সংরক্ষিত পাহাড়ি বনের মধ্য দিয়ে কালারমারছড়া সড়ক নির্মাণ প্রকল্পকে ‘পরিবেশ বিধ্বংসী প্রকল্প’ আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।

এর জন্য জাইকাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন তিনি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

আনু মুহাম্মদ বলেন, “কক্সবাজারে যে সমস্ত অবকাঠামো হোটেল নির্মাণ করা হয়েছে তার সবগুলোই অপরিকল্পিত। এতে করে জলবায়ু পরিবর্তনের মত দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে।”

কক্সবাজারের সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ, মহেশখালীর বনের ভিতর দিয়ে রাস্তা এবং প্যারাবন ধংস করে চিংড়ি ঘের করার মত যে ধরণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে তাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলেও আখ্যা দেন তিনি। আনু মুহাম্মদ বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কক্সবাজারের উন্নয়ন নিয়ে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে।

একজন প্রতিমন্ত্রী কর্তৃক আদালতের আদেশের প্রতি অশ্রদ্ধা পরোক্ষভাবে আদালতকে হুমকি দেওয়ার সামিল এবং বিচার প্রভাবিত করার প্রয়াস বলে তিনি মনে করেন।

দেশের ‘পরিবেশ বিধ্বংসী’ যতগুলো প্রকল্পে জাইকা অর্থায়ন করেছে এবং করছে সেগুলোর বিষয়ে সংস্থাটিকে জবাবদিহির আওতায় আনা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া দেশের পরিবেশের ক্ষতি করে আগে যেসব প্রকল্প এডিবি, জাইকা ও বিশ্ব ব্যাংক করেছে সেগুলোও পর্যালোচনা করা দরকার বলে তার ভাষ্য।

বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি জাকির হোসেন।