১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পতন: সংসদ ভবন থেকে ৯০ লাখ টাকা খোয়া

হারিয়ে যাওয়া ওই অর্থ ফেরত পেতে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সরকার পতন: সংসদ ভবন থেকে ৯০ লাখ টাকা খোয়া
গত ৫ অগাস্ট সরকার পতনের দিন একদল মানুষ জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়ে লুটপাট চালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

সরকার পতনের দিন জাতীয় সংসদ ভবনে লুটপাটের ঘটনায় দাপ্তরিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় ৯০ লাখ টাকা খোয়া গেছে।

রোববার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা হয় গত ৪ সেপ্টেম্বর। সেই সভায় হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।  

সভায় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং জরুরি ভিত্তিতে ভবনের কিছু মেরামত কাজের তাগিদ দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে গত ৫ অগাস্ট সরকার প্রধান শেখ হাসিনার দেশত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে লুটপাট হয়। পরে কিছু মালামাল এবং সংসদের ভবনের কিছু অস্ত্র ফেরত পাওয়া যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার নিরাপত্তা জোরদারে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

এই তিন কমিটিকে সংসদ ভবন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মালামাল শপথকক্ষে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছ। 

সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই সভায়।

সংসদ ভবন থেকে লুট হওয়া ৪০ অস্ত্র ফেরত