২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পল্লবীতে ‘বন্ধুদের ছুরিকাঘাতে’ যুবক খুন

"রিফাতের বন্ধুদের পরিচয় পাওয়া গেছে; তাদের আটকের চেষ্টা চলছে," বলেন পল্লবী থানার পরিদর্শক আবু কাইয়ুম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ঢাকার পল্লবীতে বাবার সামনে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

নিহত যুবকের নাম রিফাত খান (২১)। তিনি পল্লবীর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের ২৫ নম্বর সড়কে থাকতেন। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে।

পুলিশ বলছে, সোমবার দুপুরে ‘মাদক’ নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় রিফাতের বাবাও আহত হন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবু কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লবী পুরাতন থানার পেছনে রেনেসাঁ মোড়ে দুপুর ২টার দিকে বন্ধুদের ছুরিকাঘাতে আহত হন রিফাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। 

"গাঁজা সেবন নিয়ে রিফাতের সঙ্গে তার বন্ধুদের বিতণ্ডা হয়। বন্ধুরা রিফাতকে আটকে রেখে মারধর ও ছুরিকাঘাত করে। পরে তার বাবা খবর পেয়ে সেখানে গিয়ে রিফাতের বন্ধুদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় রিফাতের বন্ধুরা তার বাবাকেও ছুরিকাঘাত করেন।"

দুজনকে হাসপাতালে নেওয়ার পর রিফাতের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রিফাতের বাবা সাগর খান হাসপাতালে সাংবাদিকদের বলেন, "ছেলেকে আটকের খবর পেয়ে সেখানে গেলে তারা টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা বলে জানায়।"

কথা বলার এক পর্যায়ে ওই যুবকরা তার ওপরও হামলা চালায় বলে সাগর খান বলেছেন।

সাগর খান এখন আশঙ্কামুক্ত জানিয়ে পুলিশ কর্মকর্তা কাইয়ুম বলেন, "রিফাতের বন্ধুদের পরিচয় পাওয়া গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।"