দুদক মহাপরিচালকের ছিনিয়ে নেওয়া ২ আইফোন উদ্ধার, গ্রেপ্তার ২
ছিনতাইয়ের সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের মত ধারালো একটি অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেনের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের পরদিন রোববার রাতে মোবাইল ফোন দুটি উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তারের কথা বলেছেন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তাররা হলেন- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
শনিবার রাতে তারাবির নামাজ শেষে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হন দুদকের ওই মহাপরিচালক।
তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে বলে থানায় অভিযোগ করেছিলেন তিনি।
ছিনতাইয়ের সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের মত ধারালো একটি অস্ত্রের উল্টো দিক দিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়।
‘উপায় না দেখে’ পাসওয়ার্ডও দিতে বাধ্য হন বলে মামলায় দাবি করেছেন ওই কর্মকর্তা।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।
রাতে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেছিলেন, “আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।"
এর কয়েক ঘণ্টার মধ্যেই দুই আইফোন উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।
