Published : 22 Jun 2025, 11:39 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় শেষ হচ্ছে রোববার।
নির্বাচন কমিশনের নিবন্ধন পেলে নির্ধারিত প্রতীকে ভোট করতে পারবে সংশ্লিষ্ট দলের প্রার্থীরা; ভোটে অংশ নিতে দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।
এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।
এরপর এনসিপিসহ ৪৬টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হচ্ছে এদিন।
এর মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন এদিন দুপুর ৩টায় নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে দলের প্রতিনিধিরা ইসিতে যাচ্ছেন।
যেভাবে নিবন্ধন
৫ অগাস্টের পট পরিবর্তনের এক মাসের মাথায় বিদায় নেন তৎকালীন ইসি। বিদ্যমান আইনের আলোকে এএমএম নাসির উদ্দিন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর।
নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন-বিধি অনুযায়ী ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।
নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল, দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথিও দেখাতে হবে।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।
আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আর আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জাময়াতে ইসলামী।
গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে ইসি থেকে নিবন্ধন পেয়েছে ৬টি দল। এর আগে গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ইসিতে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছিলেন, "২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।"
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, “ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলের হোক- জাতীয় নির্বাচন যখনই হোক, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি ও এগিয়ে যাচ্ছি।”
দল নিবন্ধন: আবেদনের সময় বাড়ল ২ মাস
সিইসির সঙ্গে এনসিপির বৈঠক, রোববার নিবন্ধন আবেদন
এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত, শীর্ষ পদে বসা যাবে দুবার