সিইসির সঙ্গে এনসিপির বৈঠক, রোববার নিবন্ধন আবেদন
“নিবন্ধন আবেদনের অংশ হিসেবে দাপ্তরিক প্রক্রিয়ার কিছু বিষয় জানার ছিল। সেগুলো জানার জন্য আমরা ইসিতে গিয়েছিলাম,” বলে খালেদ।
নিবন্ধন আবেদন করার প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন দলটির নেতারা।
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ছিলেন প্রতিনিধি দলে।
খালেদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার নির্দিষ্ট সময়ের মধ্যেই দল নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে দাপ্তরিক প্রক্রিয়ার কিছু বিষয় জানার ছিল। সেগুলো জানার জন্য আমরা ইসিতে গিয়েছিলাম।”
এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে দেখা করার কথা বলেছেন তার একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।
নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল, দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথিও দেখাতে হবে।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।
নিবন্ধন আবেদন করার সময় শেষ হচ্ছে রোববার। এ পর্যন্ত শ’খানেক দল আবেদন করেছে।
৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত।
কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
পুরনো খবর:
