১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের প্রান্তসীমায় বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা

ঢাকায় ইফতারের আয়োজন করে ভারতের হাই কমিশন; যাতে রাজনীতিক, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 12:33 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নতুন বাতাবরণে দাঁড়িয়ে থাকা দুদেশের সম্পর্ককে কাজে লাগিয়ে পুরো দক্ষিণ এশিয়ার উন্নতিতে একযোগে কাজ করার কথা বলেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

শনিবার হাই কমিশনের ইফতার আয়োজনে তিনি বলেন, “দুটি প্রাণবন্ত ও ভবিষ্যতমুখী সমাজ হিসাবে আমরা প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের প্রান্তসীমায় দাঁড়িয়ে আছি। যেখানে আমরা শুধু দুদেশের জন্য নয়, বরং গোটা অঞ্চলের অভিন্ন উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে পারি।”

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ ইফতারে রাজনীতিক, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

ভবিষ্যতেও তার দেশের সমর্থন অব্যাহত রাখার কথা তুলে ধরে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় ভারতীয় হাই কমিশনার বলেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশকে সবসময় সমর্থন করেছে ভারত।

ইফতার আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির মাধ্যমে দুদেশের জনগণের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারের বিষয়ে অভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত হওয়ার কথা তুলে ধরেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, “আজকের উপস্থিতি ভারত ও বাংলাদেশের শক্তিশালী বন্ধুত্বের বন্ধনের পাশাপাশি স্মরণ করাচ্ছে আমাদের গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্কের কথাও। এটি আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করেছে।

“আমাদের দুদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও নিগূঢ় সংযোগ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের অভিন্ন ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখছে।”