০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

আহত হয়েছেন দুই যাত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 11:57 AM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ঢাকার মহাখালী আমতলী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-নেত্রকোণা রুটে চলাচলকারী ‘ভাটি বাংলা এক্সপ্রেসের’ বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সি রফিকের বাড়ি ময়মনসিংহ সদর এলাকায়; তার বাবার নাম নুরু আলম।

এ দুর্ঘটনায় বাসটির দুই যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, “গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা সকাল ৮টার দিকে রফিককে মৃত ঘোষণা করেন।”

আহত বাস যাত্রী রনি (২৫) ও ফিরোজকে (৪০) জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল বলেন, “বাসটি ঢাকায় মহাখালী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সড়কের পাশে শুইয়ে রেখেছে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা গেছেন।

“বাসটিতে আরো যাত্রী ছিল, কিন্তু আমরা গিয়ে বাকি যাত্রীদেরকে পাইনি।”

নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি ঢাকা মেডিকেলে বলেন, “রফিক মাত্র ৩ দিন আগে কাজে এসেছিল, আজ আবার বাড়ি ফেরার কথা ছিল।”