২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

‘বৈষম্যবিরোধী’ আইনজীবীদের মানববন্ধন

শনিবার  অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’ ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেছেন।

‘বৈষম্যবিরোধী’ আইনজীবীদের মানববন্ধন
শনিবার অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’ ব্যানারে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 04:17 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের মধ্যে কয়েকজনের নিয়োগ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন একদল আইনজীবী। 

শনিবার অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’ ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী রেজাউল করিম রেজা সাংবাদিকদের বলেন, “সেসব আইনজীবীরা ছাত্র হত্যাকারীদের দোসর, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী, যাদেরকে কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময় দেশের মাটি থেকে বিতাড়িত করেছে আমরা তাদের বিরুদ্ধে।”

যারা ছাত্রদের বুকে গুলি করার পক্ষে কোর্টের শুনানিতে উপস্থিত হয়েছিলেন তারা তাদের বিরুদ্ধে বলে জানিয়েছেন এই আইনজীবী।

ওইসব আইনজীবীদের অ্যাটর্নি জেনারেল অফিসে ‘পুনর্বাসন করা হয়েছে’ দাবি করে রেজাউল করিম বলেছেন তারা তাদের একটি তালিকা প্রস্তুত করেছেন। 

মানববন্ধনে এই আইনজীবীরা নবনিযুক্ত কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও অ্যাসিস্টেন্ট অ্যাটর্নি জেনারেলের (এএজি) নাম প্রকাশ করেন। 

নবনিযুক্ত এই ডিএজি ও এএজিদের তারা অ্যাটর্নি জেনারেল অফিসে যোগদান না করার আহ্বান জানিয়েছেন আইনজীবী রেজাউল করিম। না হলে তাদের যোগদানে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন এই আইনজীবী।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে নতুন ডিএজি ও এএজিদের অনেকেই তাদের স্ব স্ব পদে যোগদান করেছেন। তবে সবাই যোগ দিয়েছেন কী না তা এখনও মেলানো হয়নি।”