ধর্ষণের অভিযোগ, ৩ দশক ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
জাহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে ১৯৯৬ সালে। পরের বছর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
রোগীকে ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশি চিকিৎসককে প্রায় তিন দশক ধরে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা— এফবিআই।
বাংলাদেশি ওই চিকিৎকের নাম জাহিদুল ইসলাম। তিনি পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে কর্মরত ছিলেন।
তার বিষয়ে তথ্য চেয়ে চলতি বছর অন্তত সাতবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে এফবিআই।
ধর্ষণের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা এড়ানোর উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এফবিআইয়ের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে ১৯৯৬ সালের অক্টোবরে। পরের বছরের জুলাই মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
জাহিদুল ইসলামের বিষয়ে এফবিআইয়ের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও কানাডার মনট্রিয়লে তার যোগাযোগ থাকতে পারে। জাহিদুলের সঙ্গে তার স্ত্রী থাকতে পারেন, যিনি নিজেও একজন চিকিৎসক।
এফবিআই বলেছে, পেনসিলভেনিয়ায় কর্মরত থাকার সময় জাহিদুল ইসলাম কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে এক নারী রোগীকে অচেতন করে ধর্ষণ করেন।
৭১ বছর বয়সী এই চিকিৎসকের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে স্থানীয় এফবিআই কার্যালয় কিংবা মার্কিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
