Published : 03 Feb 2026, 03:50 PM
এক দশক আগে গাজীপুরে ‘জঙ্গি সাজিয়ে’ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক দুই আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ অভিযোগ দাখিল করে বলে জানিয়েছেন কৌঁসুলি গাজী এম এইচ তামিম।
এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।
কৌঁসুলি তামিম বলেন, ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ওই দিন নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদরাসায় লেখাপড়া করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ইবরাহীমের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুমসহ হত্যার অভিযোগ দায়ের করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার ছয় দিনের মধ্যে ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার চেষ্টা হয়।
এরপর ঢাকা, নারায়ণগঞ্জে কয়েকটি অভিযানে বেশ কয়েকজন নিহত হন। ওই বছরের ৮ অক্টোবর গাজীপুরের পাতারটেক ও হারিনাল পশ্চিমপাড়া লেবুবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই অভিযানে ৯ জন নিহত হন।