Published : 22 Jul 2026, 02:21 PM
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি।
বুধবার ঢাকার মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক আয়োজনে এই অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, “প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ঢাকায় পাঠাতে প্রস্তুত রয়েছে বেইজিং। এ ক্ষেত্রে সহযোগিতাকে জোরদার করা প্রয়োজন। কেননা এটা বাংলাদেশের মানুষের জীবনরক্ষার প্রশ্ন। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে।
“তাই আজ, চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে জরুরি নগদ সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার হস্তান্তর করতে এখানে এসেছি। এটি অবশ্যই একটি প্রতীকী হস্তান্তর।”
এই অনুদান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি চীন সরকার ও জনগণের গভীর উদ্বেগ এবং আন্তরিক সদিচ্ছা বহন করে বলেও মন্তব্য করেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, “ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা আমরা একযোগে কাজ করছি। এটা আমাদের সহযোগিতা ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির দৃষ্টান্ত। বাংলাদেশের যতক্ষণ নাগাদ সহায়তা প্রয়োজন, চীন তা করে যাবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, “চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। চীনের সংহতি প্রকাশে আমাদের কৃতজ্ঞতা। এই সহায়তা স্বচ্ছতার সঙ্গে বিতরণে কাজ করব আমরা।”
অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মোফাখখারুল ইসলাম রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।