Published : 03 Apr 2026, 05:19 PM
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব রকমের ছুটি বাতিল করেছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের এক অফিস আদেশে তাদের ছুটি বাতিলের কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, “শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হল।”
দেশে শিশুদের মধ্যে হামের প্রকোপ বেড়েছে। হামে আক্রান্ত ও লক্ষণ নিয়ে দেশজুড়ে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যকর্মীদের ছুটি অনির্দিষ্টকাল বাতিলের নির্দেশনা দিল সরকার।
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কর্মসূচি সফল করতে সবাইকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে স্বাস্থ্যখাতে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর ও পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে প্রতিনিধিরা চাকরিতে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ. টি. এম. সাইফুল ইসলাম, মনোয়ারা ইশরাত, নাফরিজা শ্যামা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপপরিচালক (হাসপাতাল) সৈয়দ আবু আহাম্মদ শাফী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-