১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রায়ের পরেই বিচার বিভাগ নিয়ে সমালোচনা করবেন না: বিচারপতি আকরাম

“বিচার বিভাগের সম্মান ক্ষুন্ন হওয়া মানে আপনারও সম্মান ক্ষুন্ন হওয়া৷ আপনিও বিচার বিভাগের অন্যতম অংশ।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

রায় হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে সমালোচনা না করতে আইনজীবীদের অনুরোধ করেছেন হাই কোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। 

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির মত বিনিময় সভায় তিনি বলেন, “যেকোনো আদেশ পক্ষে-বিপক্ষে যেতে পারে। তবে এটার জন্য উপরস্থ আদালত রয়েছে, সেখানে যাবেন। যদি যেখানেও না হয়, তাহলে হাই কোর্টে যাবেন; সুপ্রিম কোর্টে যাবেন। 

“কিন্তু একটা রায় হওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেইসবুকে বিচার বিভাগ নিয়ে আলোচনা করবেন না। বিচার বিভাগের সম্মান ক্ষুন্ন হওয়া মানে আপনারও সম্মান ক্ষুন্ন হওয়া৷ আপনিও বিচার বিভাগের অন্যতম অংশ। আইনজীবী ছাড়া বিচার কাজ চলতে পারবে না।” 

আকরাম হোসেন বলেন, “আদালতে ২০ তলা ভবন করার জন্য চেষ্টা চলছে। প্রধান বিচারপতিকে জানানো হয়েছে, এখানকার আইনজীবী ও বিচারকরা ঠিকঠাক লজিস্টিক সাপোর্ট পাচ্ছে না। জায়গা সংকুলানের কারণে বিচারকাজ ঠিকভাবে করা যাচ্ছে না। তারপরও বিচারকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।”

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী, ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ঢাকার মুখ্য বিচারিক হাকিম নূরে আলম ভুইয়া উপস্থিত ছিলেন।