Published : 21 May 2026, 09:58 PM
শেষ দুটি ফ্লাইটের সৌদি যাত্রার মধ্য দিয়ে শেষ হল চলতি বছরের প্রাক-হজ ফ্লাইট।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট ও রাত ৮টা ১০ মিনিটে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।
এ দুটি ফ্লাইটে ৪২৫ জন করে মোট ৮৫০ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় যাচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার রাত ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৬ জন এবং বেসরকারি মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ৭৩৬ জন।
বুধবার রাত পর্যন্ত ১৯২টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পোঁছেছেন। এর মধ্যে রাষ্ট্রীয় এয়ারলাইন্স সংস্থা বিমান ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৮০ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ৭৭৪ জন ও ফ্লাইনাস ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭০৩ জন হজযাত্রীকে পৌঁছে দিয়েছে।
এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১৮ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী।
এদিকে বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে তাদের সর্বশেষ প্রাক-হজ ফ্লাইট বিজি-৩৩৫।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের হজ কার্যক্রমে বিমান ৯৮টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।
ঢাকায় হজযাত্রী পরিবহনকারী অন্য দুই এয়ারলাইন্স সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিংও সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা বলেছে বিমান।
এ বছর এসিআই লিমিটেড ও ব্রাক ব্যাংকের সঙ্গে সমন্বয় করে বিমান হজযাত্রীদের মধ্যে বিশেষ ‘হজ্ব কেয়ার প্যাক’ বিতরণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল প্রাক-হজ ফ্লাইটের উদ্বোধন করেন।
‘দায়িত্বে অবহেলা হলে ছাড় নয়’
দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হজ টিমের সদস্যদের সতর্ক করে দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন।
হজ মেডিকেল টিমের সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তিনি হজযাত্রীদের বিষয়ে খোঁজ-খবর রাখছেন।
“দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়াবে, কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
হজের কার্যক্রম তদারকি করতে বুধবার সৌদি আরবে পৌঁছান ধর্মমন্ত্রী।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী।