১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘হঠকারী হবেন না’; সংযমের আহ্বান ইউনূসের

শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 12:13 AM

Updated : 10 Sep 2026, 12:57 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের কাছ থেকে বৃহস্পতিবার রাতে দেশটির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর পাওয়ার তথ্য দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন–এই দোয়া করি।”

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মারা যাওয়ার খবর আসে। এর ঘণ্টা দেড়েকের মধ্যে জাতির উদ্দেশে জরুরি ভাষণ দিতে আসেন প্রধান উপদেষ্টা।

হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “তার প্রয়ান দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।”

তার শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি এ হত্যাকাণ্ডকে নৃশংস হিসেবে তুলে ধরেন। বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।”

হাদি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন বলে তুলে ধরে প্রধান উপদেষ্টা সবার প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানান। বলেন, “দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি–আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ ইউনূস বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”