১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও পরিবারের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

৯টি ব্যাংক হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 02:41 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। 

দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এসব হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “অবরুদ্ধ হওয়া হিসাবের মধ্যে মো. আব্দুর রাজ্জাকের নামে ৪টি ব্যাংক হিসাবে  ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আখতার বানুর ৪টি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং তার মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকা আছে।“

দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এই ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, “আব্দুর রাজ্জাক এবং তার অন্যান্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতে অভিযোগ আছে। 

“এছাড়া এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।“

অনুসন্ধানকালে ‘আব্দুর রাজ্জাকের নিজ নামে ও স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের’ তথ্য পেয়েছে দুদক। তারা এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার প্রচেষ্টা করতে পারেন বলে মনে করছে দুদক।

দুদক আবেদনে জানিয়েছে, অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এই সম্পদ উদ্ধার করা কঠিন হয়ে যাবে। এজন্য অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

গত ৯ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক, শিরিন আকতার বানু এবং তাদের ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

আওয়ামী লীগ সরকার পতনের পর  গত ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।