১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুলে ‘অনলাইন-অফলাইন’ দুভাবেই ক্লাস নেওয়ার ভাবনা

৮৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাইছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:36 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ‘অনলাইন ও সশরীরে’ দুই পদ্ধতিতেই ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন।

তবে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি। 

সচিবালয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, “আমরা আলোচনা করেছি যে, অনলাইনে এডুকেশনটা প্রমোশন করা…। আমরা এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করব। তারপরে এটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসবে।”

অনলাইনে ক্লাস চালুর ভাবনার ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী মিলন বলেন, “এটা যেহেতু বৈশ্বিক সমস্যা, শুধুমাত্র বাংলাদেশের নয়। এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে।

“সেই কারণে আমরা ভাবছি যে অনলাইন-অফলাইন দুই সিস্টেমে আমাদের ক্লাস নেওয়ার সিস্টেম প্রবর্তন করা যায় কী না। মনে করেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। এখন আমরা এসব ক্লাস লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকম আন্দোলন-টান্দোলন সব মিলিয়ে। এখন আমরা স্কুল আওয়ারটাকে সিক্স ডেইজে উইক করছি। এর মধ্যে জ্বালানি সংকট কারণে আমরা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি নিয়েই ভাবছি।”

দুই পদ্ধতিতে ক্লাস নেওয়ার বিষয়ে একটি জরিপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “ইতিমধ্যে আমরা একটা জরিপ করেছি। সেই সার্ভেতে ৮৫ শতাংশ মানুষ চাচ্ছে, তারা যেন অনলাইনে যায়। কিন্তু পুরোটুরি অনলাইনে যদি যাওয়া হয় আমরা আবার আনসোশাল হয়ে যাব। এটা নিয়ে আমরা ভাবছি।”

সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাতও ছিলেন। 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে জ্বালানি সংকটে পড়েছে প্রায় পুরো বিশ্ব। বাংলাদেশও এই সংকটে আছে। যুদ্ধের অস্থিরতার মধ্যে সরকার মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে।