১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা কলেজের সব ক্লাস সোমবার বন্ধ

রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানোর ঘটনার মধ্যে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে কলেজটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 02:04 AM

Updated : 26 Aug 2026, 10:59 AM

শিক্ষার্থীদের কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়ে একদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে ঢাকা কলেজ।

কলেজ কর্তৃপক্ষ রোববার মধ্যরাতে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সোমবার ক্লাস স্থগিত রাখার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনার মধ্যে ঢাকা কলেজের ক্লাস বন্ধ রাখার ঘোষণা এল।

এর আগে গত বুধবার সিটি কলেজের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় দেড়শ জনের মত শিক্ষার্থী আহত হয়।

এরপর থেকে সিটি কলেজ ক্লাস বন্ধ রেখেছে।

রোববার ঢাকা কলেজের ঘোষণায় বলা হয়েছে, "কোনো শিক্ষার্থী আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না।”

ঢাকা কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম মুজাহেদুল ইসলাম ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।  

তবে এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সাড়া পাওয়া যায়নি।

এর আগে রোববার দুপুরে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা

একজোট হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি

কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।