Published : 02 Mar 2026, 04:45 PM
দুর্নীতির অভিযোগ থাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য দিয়েছেন।
নথি জব্দের আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান।
আবেদনে বলা হয়, নাজিম উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নাজিম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের আয়কর নথি পর্যালোচনা একান্ত প্রয়োজন।