Published : 19 Aug 2026, 07:46 PM
ভারতের কলকাতার একটি হোটেলে লাগা লাগুনে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্তের প্রাণ হারানোর ঘটনায় শোক জানিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।
বুধবার আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সই করা শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
কামরুল হাসান বলেন, “এই অকালমৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। পরিবারটির এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে আজকের পত্রিকা তাদের পাশে রয়েছে।”
কলকাতায় নিউ মার্কেটের কাছে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে যে পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে, তাদের চার জনই কুষ্টিয়ার একই পরিবারের।
ওই চারজন হলেন- কুষ্টিয়া সদরের আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার দেবাশীষ দত্ত (৩৯) ও তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের সন্তান শর্ণশিষ দত্ত (৩) এবং দেবাশীষ দত্তের শ্বশুর কুষ্টিয়া সদরের থানা পাড়ার আকরাম আলী (৬৪)।