১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে বললেন প্রধানমন্ত্রী

তিন বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা দিতে বলেছেন তিনি।

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 05:23 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি বলেন, “বৈঠক বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষা কেন্দ্র খুলতে বলেছেন, যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়।”

দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে কীভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায়, তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মূখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, “বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।”

‘তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই’

অতিরিক্তি প্রেস সচিব বলেন, ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত দেশগুলোর বিমানবন্দরের মতো ‘ফ্রি ওয়াইফাই’ চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

‘ঢাকা-১৭ আসনে ভঙ্গুর মন্দির সংস্কার’

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ আসনে নির্বাচনি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলে অতিরিক্তি প্রেস সচিব বলেছেন।

তিনি বলেন, “নির্বাচনি প্রচারের সময়ে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যান্সার হাসপাতালে কাছে সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কার কাজ আগামী শনিবার শুরু করতে বলেছেন তিনি।”

আতিকুর রহমান বলেন, “শনিবার সকাল ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।”