Published : 02 Feb 2026, 09:06 PM
সরকারের কেন্দ্রীয় ডেটা সেন্টার ব্যবহারের বাধ্যবাধকতা উপেক্ষা করে অনুমতি ছাড়াই নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের মাধ্যমে ‘রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের ক্ষতিসাধনের’ অভিযোগে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।
গত ২২ জানুয়ারি দায়ের হওয়া এই মামলার আসামিরা হলেন–ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী এবং প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরী।
মামলা দায়েরের বিষয়টি সোমবার সাংবাদিকদের জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি বলেন, দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে ঢাকা সম্বনিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেছেন।
এজাহারে বলা হয়েছে, “আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অমান্য করেন। সরকারের সেন্ট্রাল ডেটা সেন্টারে তথ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ না করে তারা নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেন, যা সরকারি প্রজ্ঞাপনের সরাসরি লঙ্ঘন।”
মামলার নথি বলছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সভায় সিদ্ধান্ত হয়, কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা নতুন করে ডেটা সেন্টার নির্মাণ করতে পারবে না এবং সংশ্লিষ্ট তথ্য সরকারি ডাটা সেন্টারে সংরক্ষণ করতে হবে।
২০২১ সালের ২৪ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ওই নিষেধাজ্ঞা অমান্য করে ডেসকো ২০২১ সালের ২৭ এপ্রিল নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার আন্তর্জাতিক দরপত্র ডাকে। সরকারি অর্থ সাশ্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি।
দুদকের বিশ্লেষণে বলা হয়েছে, “আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি সেন্ট্রাল ডেটা সেন্টার ব্যবহার না করে নিজস্ব ডেটা সেন্টার নির্মাণ করে রাষ্ট্রীয় ৭৪ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯২ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।”