১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শহীদুল আলমের ওপর ‘নজর রাখছেন’ প্রধান উপদেষ্টা

“তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক,” বলেন প্রধান উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখী আরেকটি নৌযানের বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের অবস্থার ওপর নিবিড় নজর রাখার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা শহীদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি, এখন এবং চিরকাল।”

প্রধান উপদেষ্টা বলেন, “২০১৮ সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য কারাগারে ১০৭ দিন নির্যাতন ভোগ করার সময় যে সাহস, দৃঢ়সংকল্প ও অটল মনোবল শহীদুল আলম প্রদর্শন করেছিলেন, এই মিশনেও তিনি সেই একই সাহস ও দৃঢ়তা নিয়ে অংশ নিয়েছেন। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।”

গাজায় ইসরায়েলের চলমান অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন অধিকারকর্মীরা। এর অংশ হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌবহর গাজা অভিমুখে যাত্রার পর ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে। এগুলোতে থাকা অধিকারকর্মীদের আটক করা হয়।

এরপর আরও ১১টি জাহাজের আরেকটি নৌবহর গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে, যেটির আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। এ বহরে থাকা ‘কনশানস’ নামের জাহাজটিতে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। এতে আছেন ২৫ দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। এ বহর গত বুধবার যাত্রা করে।

প্রধান উপদেষ্টা বলেন, “গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আমি যেমন বলেছি— মানবিক যন্ত্রণার প্রতি এই উদাসীনতা মানবতার দশকের পর দশক ধরে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে। গাজায় এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্ট। শিশুরা অনাহারে মরছে, সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, পুরো পাড়া-মহল্লা, হাসপাতাল ও স্কুল- সবকিছু মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।”