Published : 23 Jun 2026, 09:47 PM
রাজধানীতে ভূমিকম্পসহ নগর দুর্যোগ মোকাবেলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মোট ৪৪৫টি ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত করা হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন।
তিনি বলেছেন, এসব স্থানকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্প নিরাপদ আশ্রয়স্থল’ ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী।
‘নিরাপদ আশ্রয়স্থলগুলোর’ মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২৫৬টি আর উত্তর সিটি ১৮৯টি চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও জরুরি সাড়ার সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
“সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক ডাটাবেজ তৈরির কাজ চলছে।”
আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে ভূমিকম্প ও সুনামি সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত প্রচারের ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে তথ্য দেন আসাদুল হাবিব দুলু।
“ভূমিকম্প ও সুনামি ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় বাংলাদেশে এ ধরনের দুর্যোগ মোকাবিলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঝুঁকি কমাতে বিভিন্ন প্রস্তুতিমূলক ও দুর্যোগ-সহনশীল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে,” যোগ করেন তিনি।
ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুসরণের ওপর গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।