গুলিতে আহত সন্দেহভাজন ডাকাত গ্রেপ্তার, ডিবির দাবি ‘বন্দুকযুদ্ধ’
তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছেন ডিবির একজন কর্মকর্তা।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এস এম আরিফুল ইসলাম পাভেল নামে ৩০ বছর বয়সি এ ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার তথ্য দিয়েছে ডিবি।
তারা দাবি করেছে, ডাকাতির প্রস্তুতিকালে ডিবির সদস্যদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধে পাভেল ডান পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। তার কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধারের কথা বলেছে ডিবি।
অভিযানে থাকা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক আনোয়ার হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “ইস্ট ওয়েস্ট হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালাই।
“ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য পাভেল নিজের পিস্তল বের করে আমাদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় আমরা পাল্টা এক রাউন্ড শটগানের গুলি ছুড়লে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে আমরা তাকে আটক করি এবং তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি।”
আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, পাভেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় থাকতেন।
