১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অসহায় নারী ও তার শিশুর দায়িত্ব নিলেন এমপি বাবর

“তাকে একটি চাকরির ব্যবস্থা করাই প্রথম কাজ আমার,” বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 01:51 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

ঢাকার ফুটপাতে থাকা মুক্তা বেগম নামের এক অসহায় নারী ও তার শিশু সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে মুক্তার সঙ্গে কথা বলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য বাবর। তিনি এই নারীর জন্য একটি বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, “মোহনগঞ্জে তার বাড়ি, আমার নির্বাচনি এলাকায়। যখন শুনলাম রাস্তায় এই অসহায় নারী তার ছোট সন্তান নিয়ে বসে থাকে, অভুক্ত দিন কাটায়। সেজন্য তার কাছে ছুটে এসেছি। আফটারঅল ও আমার এলাকার মানুষ।

“তাকে বলেছি, আমি মোহনগঞ্জে তাকে একটি ছোট জায়গা দিয়ে বাড়ি বানিয়ে দেব ইনশাল্লাহ, সেখানেই সে থাকবে। আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। তার ছোট ছেলেরও দায়িত্ব নিয়েছি আমি। এখন মুক্তা বেগমের জরুরি দরকার একটি চাকরির। তাকে একটি চাকরির ব্যবস্থা করাই প্রথম কাজ আমার।”

মুক্তা বেগম বলেন, “আমি এই দুনিয়ায় আমার অসহায়। বছরের পর বছর এখানেই বসে থাকি।

“আমার দুই ছেলে এক মেয়ে। ছোট বাচ্চাটাকে দেখার মতো কেউ নাই। অনেক সময়ে ঘুমাইয়া যাই। সেজন্য দেখছেন পোলাডাকে পায়ে দড়ি দিয়ে বাইন্দা ঘুমাই; যাতে কেউ নিয়ে না যায়। আজকে এমপি সাহেব আইছেন, কইছেন আমারে দেখব। আল্লাহ উনারে ভালো করুক।”

মুক্তা বেগমের বাড়ি মোহনগঞ্জ। তার দুই ছেলে ও এক মেয়ে। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি দুই সন্তানের মধ্যে বড় ছেলে মাদকাসক্ত হয়ে আলাদা থাকে। এখন ছোট ছেলে মেহেদীকে নিয়েই তার সংসার।