Published : 29 Jul 2026, 05:51 PM
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ‘জাতীয় কমিশন’ গঠনের দাবি উঠে এসেছে এ বিষয়ক এক মতবিনিময় সভায়।
সভায় অধিকারকর্মী, রাজনীতিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন,বিএনপি নেতৃত্বধীন সরকার ক্ষমতায় আসার পর গেল পাঁচ মাসে চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা আয়োজন করে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামে একটি সংগঠন। সভার শিরোনাম ছিল, ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতির মূল্যায়ন’।
সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন।
তিনি বলেন, “বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা সেই কর্মসূচিকে স্বাগত জানিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ৫ মাস অতিবাহিত হলেও চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।”
সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকার তাদের ৩১ দফা কর্মসূচিতে একটি বহুজাতিক ও বহুত্ববাদী ‘রেইনবো নেশন’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।
“এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হলে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করা জরুরি।”
পার্বত্য চট্টগ্রামে ‘অঘোষিত সামরিক শাসন’ চলছে মন্তব্য করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নিরাপত্তার অজুহাতে পুরো অঞ্চলকে অতিমাত্রায় সামরিকীকরণ করা হয়েছে, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
“পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অংশীজনদের সম্পৃক্ত করার জন্য অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠন করা জরুরি।”
সভায় অন্যদের মধ্যে এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ফজলুল রশিদ ফিরোজ ও সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফি রতন বক্তব্য রাখেন।