১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন

উজ্জল আলী নামে ওই আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অনাদায়ে তাকে আর দুই মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 08:38 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে ১২০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। 

আসামি উজ্জ্বল আলীকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আর দুই মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, উজ্জ্বল আলীকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

উজ্জ্বল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর হরিশপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, ডিবি পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম গত বছরের ২ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল মধুবাগ এলাকায় অভিযান চালায়। 

অভিযানে উজ্জ্বলল আলীর কাছ থেকে এক কোটি ২০ লাখ টাকার ১২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

ডিবির এসআই মুহাম্মদ গিয়াস উদ্দিন ওইদিনই হাতিরঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৩১ অক্টোবর উজ্জ্বলল আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। 

গত ২৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আসামির বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।