১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতারে সামরিক স্থাপনা থেকে বাংলাদেশিদের দূরে থাকার অনুরোধ

“সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ২৪

কাতার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 07:47 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

কাতারে সামরিক স্থাপনা থেকে প্রবাসী বাংলাদেশিদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে শনিবার কাতারে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়। 

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

অন্যদিকে ইসরায়েল ও কাতারসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।”

‘বিপদ কেটে না যাওয়া পর্যন্ত’ বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

“এ বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”