আইওই চেয়ারম্যান আফতাবের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
এসব হিসাবে প্রায় ৩৪ কোটি টাকা জমা থাকার তথ্য আদালতে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলামের ৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
এসব হিসাবে ৩৩ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার ৫৪৮ টাকা জমা থাকার তথ্য আদালতে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এসব হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়ার তথ্য দিয়েছেন।
ব্যবসায়ী নেতা আফতাব আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-অ্যামচ্যাম ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি।
এদিন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন।
এতে বলা হয়, আফতাব উল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য ছয় সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামে থাকা ৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
