১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক

দুজনের কাছ থেকে সৌদি রিয়াল, পাউন্ড, ইউরো ও থাই বাথ জব্দ করা হয়েছে।

শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 07:35 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার আটক এ যাত্রীদের কাছ থেকে জব্দ করা বিদেশি মুদ্রার মধ্যে সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড ও থাই বাথ থাকার তথ্য সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা হতে ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

একই ফ্লাইটে থাকা আল আমিন মোল্লা নামের অপর একজন যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”