মোহাম্মদপুরে বিড়াল হত্যা: রায় ১৭ ফেব্রুয়ারি
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ দিন ধার্য করেন।
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে করা বিড়াল হত্যা মামলার রায় জানা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,"আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি। এই রায় সমাজে একটি দৃষ্টান্ত তৈরি করবে।"
এর আগে, গত ২ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়; মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন।
বিড়ালটির মালিক মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর। মামলার আসামি ও ওই ভবনের বাসিন্দা।
গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের’ পক্ষে আদালতে মামলার আবেদন করেন নাফিসা নওরীন চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ। ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, “গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতারি ফুটবলের মত লাথি মারছেন।
“আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।”
