তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব
“আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আছে তাকে ভালো নিরাপত্তা দেওয়ার," বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার জন্য প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সঙ্গে তার পার্টির আলাপ হচ্ছে। যতটুকু তারা চাচ্ছেন, বিএনপির সঙ্গে কথা বলেই সেগুলো দেখভাল করা হচ্ছে।
“আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আছে তাকে ভালো সিকিউরিটি দেওয়ার জন্য।"
ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, "আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন, তাদের ভিডিও এবং ভিজুয়ালস দেখে ১২ জনকে গ্রেপ্তার করেছি। আমরা সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।”
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, “সরকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তদন্ত করছে। সব সিকিউরিটি এজেন্সি এটা নিয়ে কাজ করছে।
"মূল সন্দেহভাজন না হলেও আশপাশে যারা ছিলেন, তাদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে৷ আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্লুও পাচ্ছি।"
হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার বিষয়ে শফিকুল আলম বলেন, "এ ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ও ভিজুয়ালস দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অনেকের কাছে আলামতও পাওয়া গেছে।
"তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে। আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারব, সবাইকেই আইনের আওতায় আনা হবে।"
