০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: স্বামী কারাগারে, স্ত্রীর জামিন

মামলায় স্বামীর বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণ আর স্ত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে।

প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: স্বামী কারাগারে, স্ত্রীর জামিন

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 12:40 AM

Updated : 02 Oct 2026, 12:40 AM

ঢাকার ধানমন্ডিতে ১৭ বছরের এক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে; একই মামলায় জামিন পেয়েছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই ইলামনি বিষয়টি জানিয়েছেন।

ওই দুজন হলেন- মো. নাসিরুল হক সিদ্দিকি ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকি।

বুধবার রাত সাড়ে ১২টার পর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মোছা. জান্নাতুল ফেরদৌসী তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মোহাম্মদ ফোরকান মিয়া জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসায় থাকেন নাসিরুল হক সিদ্দিকি ও শাহনাজ সিদ্দিকি দম্পতি। তিন বছর ধরে বাসার গৃহকর্মীকে তিনি ধর্ষণ করেন। শাহনাজ সিদ্দিকি বিভিন্ন সময় তাকে মারধর ও শারীরিক নির্যাতন করেন।

ঘটনাটি অন্য এক গৃহকর্মীর মাধ্যমে প্রকাশ পায়। পরে ধর্ষণের অভিযোগ করা গৃহকর্মী জাতীয় ফোরামের সভাপতি জাকিয়া সুলতানাকে ঘটনা বলেন। এরপর জাকিয়া সুলতানা মামলা করেন।