Published : 23 Sep 2025, 07:27 PM
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মানহানির অভিযোগে রমনা মডেল থানার এক মামলায় টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকির রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেওয়ার পর তাকে ফের কারাগারে নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ‘সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম’ দক্ষিণ বিভাগের এসআই মোহসীন সরকার গত ১৭ সেপ্টেম্বর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিল মঙ্গলবার।
এদিন আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ আশিক আল মামুন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
উভয়ের শুনানি নিয়ে বিচারক দুই আবেদনই নাকচ করে দেন বলে প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন জানিয়েছেন।
রমনা মডেল থানায় গত ২৩ জুলাই দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুল নাম না জানা কয়েকজনকে আসামি করে মামলা করেন।
সেখানে আজিজুর রহমান টুটুল অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি তিনি দেখতে পান খবর মোহাম্মদপুর নামে একটি ফেইসবুক পেইজ থেকে তার ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ ও অসত্য তথ্য’ প্রচার করা হচ্ছে। পরে তার কাছে ‘দুই লাখ টাকা’ চাঁদা দাবি করা হয়। সেটি না দিলে তার ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়।
পরে তদন্তে নেমে টুকটুকি ও তার সহযোগী শিমুল মিয়ার সম্পৃক্ততা পায় ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম। এরপর ২৮ অগাস্ট মাগুড়ার মহম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেদিনই তাদের কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা এসআই মোহসীন সরকার গত ১৭ সেপ্টেম্বর টুকটুকির রিমান্ড চেয়ে আবেদন করলে ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে আদালত।