Published : 12 Dec 2025, 12:01 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে এবার রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে প্রথমবারের মত তিনজন নির্বাচন কর্মকর্তাও এই দায়িত্ব পাচ্ছেন।
আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
পরে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বে কারা থাকছেন, সে বিষয়টি তুলে ধরা হয়।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, ৩০০ আসেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজন রয়েছেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা। এবারই প্রথম সংসদের সাধারণ নির্বাচনে ইসির তিন কর্মকর্তা এ দায়িত্ব পেলেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আর খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে।
আরও পড়ুন-