ঢাকায় এক দিনে ৩৫ মিলিমিটার বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন যাবে আবহাওয়া?
গত এক দিনে গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ঢাকায় আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে এরপর বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেইসঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ থেকে আগামী তিন-চার দিন ঢাকায় হালকা বৃষ্টিপাত হবে। তবে তারপর থেকে ঢাকায় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে।"
এদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই সময়ে গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর, ময়মনসিংহ ও চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
