১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলাদা প্রশ্নে পাবলিক পরীক্ষা 'ন্যায্য নয়': শিক্ষামন্ত্রী

“সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন–ইটস নট ফেয়ার।”

আলাদা প্রশ্নে পাবলিক পরীক্ষা 'ন্যায্য নয়': শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 10:49 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

একক প্রশ্নে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তার মতে, আলাদা আলাদা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের আলাদা আলাদা প্রশ্নে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ 'ন্যায্য নয়'।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন মন্ত্রী।

তিনি বলেন, "আমরা চাই, বাংলাদেশের সকল শিক্ষার্থী যেন একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন–ইটস নট ফেয়ার। 

"ইজ ইট ফেয়ার? ইটস নট ফেয়ার। আগামীতে একক প্রশ্ন হবে।"

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি কারিগরি কোর্স যুক্ত করার উদ্যোগ অংশগ্রহণমূলক করতে তিন দিনের এ কর্মশালার আয়োজন করা হয়।

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কলেজ ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে কারিগরি কোর্স যুক্ত করার কথা অনুষ্ঠানে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতা দিচ্ছে। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালা থেকে সময়ের প্রয়োজনভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের সুপারিশ আসবে বলে আশা করছেন মন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও এটুআই প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স উপস্থিত ছিলেন।